ইকমার্স পরিচালনা নীতিমালার খসড়া চূড়ান্ত

৩০ জুন, ২০২১ ১৭:০২  
ডিজিটাল কমার্স পরিচালনা বিষয়ক নীতিমালা নিয়ে প্রণীত নির্দেশিকা বা এসওপির খসড়া চূড়ান্ত করেছে বাণিজ্যমন্ত্রণালয়। এবার এই খসড়াটি শিগগিরি আইনে পরিণত হবে। বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণলায় সভায় এই খসড়াটি চূড়ান্ত হয়েছে। সভা পরিচালনা করেন ডব্লিওটিও সেল এর ডিজি হাফিজুর রহমান। সভায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে খসড়া এসওটিটি উপস্থাপন করে ই ক্যাব। এসময় ই-ক্যাব সভাপতি শমী কায়সার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়হেদ তমাল এবং জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম শোভন উপস্থিত ছিলেন। সভায় ই-ক্যাব প্রস্তাবনা নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবীর। ডিজিটাল কমার্স পরিচালনায় স্বচ্ছতা, দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ‘ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১’-এর চূড়ান্ত খসড়াটি শিগগিরি নির্দেশিকা হিসেবে প্রজ্ঞাপন আকারে জারি করা হবে। যেখানে ফাস্ট কমার্সের ক্ষেত্রে এসক্রোর (পণ্য সরবরাহের পর তৃতীয় পক্ষের মাধ্যমে লেনদেন করার) কথা বলা হয়েছে। এই নীতিমালা বাস্তবায়ন করা গেলে ই-কমার্সের ক্রেতা ও বিক্রেতা উভয় স্বার্থ সুরক্ষিত হবে বলে মনে করছেন ই-ক্যাব নেতারা।